বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া
২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে ‘একুশে পদক’।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হলো ২০২৬ সালের অমর একুশে বইমেলার সময়সূচি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের এই মেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নবনিযুক্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাংলা একাডেমিতে প্রকাশকদের সাথে এক বৈঠকে বসেন। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সচিব সেলিম রেজা।
প্রকাশকদের বিভিন্ন দাবি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংস্কৃতিমন্ত্রী জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।
সভা শেষে জানানো হয়, যেসব প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে আগ্রহী, তারা আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবেন। ওই দিনই সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।