তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আইনজীবীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। মন্ত্রিসভায় স্থান পাওয়া সাতজনই বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তারা শপথ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে ২৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৪ জন বিজয়ী হন। নির্বাচিত এই আইনজীবীদের মধ্য থেকে চারজন পূর্ণমন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
পূর্ণমন্ত্রী হিসেবে চার আইনজীবী
সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোটে জয়ী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি জজ কোর্টের আইনজীবী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
দিপেন দেওয়ান
দিপেন দেওয়ান রাঙ্গামাটি আসন থেকে ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোটে নির্বাচিত হয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তিনিও জজ কোর্টের আইনজীবী।
নিতাই রায় চৌধুরী
নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসন থেকে ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোটে জয়ী হয়ে সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান।
মো. আসাদুজ্জামান
মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোটে জয়ী হয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হয়েছেন। তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
প্রতিমন্ত্রী হিসেবে তিন আইনজীবী
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম-৫ আসন থেকে ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোটে জয়ী হয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী।
ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল
ফারজানা শারমীন পুতুল নাটোর-১ আসন থেকে ১ লাখ ২ হাজার ৪১৯ ভোটে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন। তিনিও সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী।
ব্যারিস্টার কায়সার কামাল
কায়সার কামাল নেত্রকোণা-১ আসন থেকে ১ লাখ ৫৯ হাজার ৭০১ ভোটে জয়ী হয়ে ভূমি প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।