ত্রয়োদশ সংসদ নির্বাচন
নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ৯৯৯ নম্বরে ৮৩৮০ ফোনকল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল গ্রহণ করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি (বিপিএম-সেবা) ও জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান মহিউল ইসলাম।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর’ বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে। নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নাগরিকদের জরুরি সহায়তা প্রদান করা হয়।
এই কার্যক্রম ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২৪ ঘণ্টা চালু ছিল। এ সময়ে নির্বাচন-সংক্রান্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্য অনুযায়ী, নির্বাচন-সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল গ্রহণ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষের সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা, জেলা ও মহানগর পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি কল ছিল নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে।