নীলফামারী-২ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ আসনের ১৩৪টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৪৫টি। বাতিল ভোট ছিল ৪ হাজার ৪৩৫টি এবং মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৮০। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট।
বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল ফারুক আ. লতিফ ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট। প্রয়োজনীয় ভোট অর্জন করায় তাদের জামানত বহাল রয়েছে।
অন্যদিকে নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় ফুটবল প্রতীকের মো. মিনহাজুল ইসলাম মিনহাজ ২৯৩ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকের মো. সারোয়ারুল আলম ৩৪৬ ভোট, টেলিভিশন প্রতীকের মো. সিরাজুল ইসলাম ১৮৯ ভোট এবং হাতপাখা প্রতীকের মো. হাসিবুল ইসলাম ৩ হাজার ২৩৬ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানতের বিধান নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনসমর্থনসম্পন্ন প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত। প্রয়োজনীয় ভোটের সীমার অনেক নিচে থাকায় চার প্রার্থীর জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে।