EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভোটের পর বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

ভোটের পর বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

অ অ

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মো. ফিরোজ হায়দার (লাভলু)। তিনি দাবি করেছেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় তার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।

শনিবার বেলা ১১টায় আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার গিলাবাড়ীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফিরোজ হায়দার বলেন, “ভোটের ফল প্রকাশের পর পরিকল্পিতভাবে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসনের সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য, “গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে এবং হামলা বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লালমনিরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, লালমনিরহাট-১ আসনের ১১ দলীয় প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুও পৃথক সংবাদ সম্মেলনে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কাস্টিং ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন