EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে উৎসবমুখর ভোট গ্রহণ

আনসারের কাঁধে ভর করে ভোট দিলেন প্রতিবন্ধী মঞ্জুম

রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩৫ জন প্রার্থী।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

আনসারের কাঁধে ভর করে ভোট দিলেন প্রতিবন্ধী মঞ্জুম

১২ বছরের শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। আনসার সদস্যদের কাঁধে ভর করে ভোট দিতে যাচ্ছেন মঞ্জুম আলী। ছবি: ডেইলি সান

অ অ

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। ১২ বছর ধরে হুইল চেয়ারই যার নিত্যদিনের সঙ্গী, সেই মঞ্জুম আলী (৩২) আজ হয়ে উঠলেন গণতন্ত্রের অগ্রসৈনিক। দুই আনসার সদস্যের কাঁধে ভর করে সিঁড়ি বেয়ে ভোট দিয়ে তিনি জানান, এই ভোট তার কাছে পরম তৃপ্তির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর-৩ আসনের মিস্ত্রিপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এই অনন্য দৃশ্য।

মঞ্জুম আলী কেন্দ্রে আসা মাত্রই দুই জন আনসার সদস্য তাকে হুইল রিকশা থেকে নামিয়ে কাঁধে তুলে নেন। তাকে নিয়ে যাওয়া হয় পুরুষ কেন্দ্রের দোতলায়। সেখানে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যালট পেপার হস্তান্তর করেন। এরপর আনসার সদস্যদের কাঁধে ভর দিয়েই তিনি গোপন কক্ষে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটদান শেষে পুনরায় আনসারদের কাঁধেই নিচে নেমে হুইল রিকশায় চড়েন তিনি।

অভিভূত মঞ্জুম আলী জানান, ‘বিগত বছরগুলোতে সেভাবে ভোট দিতে পারিনি। এবার খুব কম সময়ে ভোট দিতে পেরেছি, খুব তৃপ্তি পাচ্ছি। আনসার সদস্যরা আমাকে যেভাবে সহযোগিতা করল, এটা আমি ভুলবো না।’

মঞ্জুম আরও জানান, এই এলাকার উন্নয়ন নিয়ে তিনি আশাবাদী। বিশেষ করে তার মতো প্রতিবন্ধীদের জন্য বিনা সুদে ঋণের সুবিধা চান তিনি।

নিরাপত্তার চাদরে রংপুর বিভাগ

রংপুর রেঞ্জ ও মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, বিভাগের ৩৩টি আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন ৮০ হাজার ১২১ জন সদস্য। এর মধ্যে রংপুর-৩ আসনের ২০৪টি কেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। বডি অন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে সরাসরি মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই ভোটের মাধ্যমে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক মহাসড়কে যাত্রা শুরু করবে।

রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩৫ জন প্রার্থী। তথ্যমতে, এই অঞ্চলে বিএনপি ১৫টি এবং জামায়াত ১১টি আসনে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জাতীয় পার্টি ও এনসিপি প্রার্থীদের সাথেও।

এবার এই অঞ্চলে বিজয় নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ জোটের ভিআইপি প্রার্থীরা। এই তালিকায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এজেড এম জাহিদ হোসেন, জিএম কাদের, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ব্যারিস্টার তাসভীর উল ইসলাম, ব্যারিস্টার নওশাদ জমির, ফরহাদ হোসেন আজাদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম জনতার দলের চেয়ার শামীম কামাল, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম।

পুরো বিভাগ এখন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। অ্যাম্বুলেন্স ও সংবাদপত্র বহনকারী যান ছাড়া সব ধরনের সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের লক্ষ্য- একটি উৎসবমুখর ও সহিংসতামুক্ত নির্বাচন উপহার দেওয়া।

আরও পড়ুন