এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
এই নির্বাচন শুধু সরকার গঠনের নয়, বরং রাষ্ট্র পরিবর্তনের এক ঐতিহাসিক মাইলফলক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ ছবি: কামরুল ইসলাম রতন
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন।’
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আপনারা ভোটাধিকার ফিরে পেয়েছেন। এই নির্বাচন শুধু সরকার গঠনের নয়, বরং রাষ্ট্র পরিবর্তনের এক ঐতিহাসিক মাইলফলক।’
বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, গত দেড় দশকে যারা ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণের সুযোগ।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার যে কঠোর অবস্থানে রয়েছে, তা পুনর্ব্যক্ত করেন ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, এবার নির্বাচন উপলক্ষ্যে রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো দেশজুড়ে সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবহার এবং ডগ স্কোয়াড থাকছে। প্রবাসী বাংলাদেশিরা এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এছাড়া কারাগারে থাকা এবং সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।
সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদ কোনো নির্দিষ্ট দলের ইশতেহার নয়, এটি জাতীয় ঐক্যের দলিল। এই সনদের মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের ভবিষ্যৎ কাঠামো নির্ধারিত হবে। জনগণ এই সংস্কারগুলো চায় কি না, তা গণভোটের মাধ্যমেই চূড়ান্ত হবে।
নির্বাচন ঘিরে একটি চিহ্নিত মহলের অপপ্রচার ও গুজবের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা হস্তান্তর করবে না—এমন প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচিত প্রতিনিধিদের হাতে দ্রুততম সময়ে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আমরা নিজ নিজ কাজে ফিরে যাব।’
সহিংসতা ও উসকানি পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘বিজয় যেমন গণতন্ত্রের অংশ, পরাজয়ও তেমন এক সত্য। ফলাফল যাই হোক, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর কল্যাণে কাজ করতে হবে।’
সবশেষে তিনি দেশবাসীকে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘দেশ পরিবর্তনের চাবি এখন আপনাদের হাতে। ভয়কে পেছনে ফেলে সাহসের সঙ্গে ভোট দিন।’
