EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে তীব্র যানজট

ভোটের টানে গ্রামে ফিরছে লাখো মানুষ; যানজট ও অতিরিক্ত ভাড়ায় সাভার-আশুলিয়ায় যাত্রীদের চরম ভোগান্তি।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

অ অ

আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে দেশের সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে আজ সোমবার সন্ধ্যা থেকেই নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন লাখো মানুষ। তবে এই জনস্রোতকে কেন্দ্র করে মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং পরিবহন খাতের অনিয়মে নাকাল হচ্ছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে আশুলিয়ার বাইপাইল, নবীনগর, বিশমাইল, শ্রীপুর ও জিরানী বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় দূরপাল্লার যাত্রীদের চরম ধৈর্য্য পরীক্ষা দিতে হচ্ছে।

নির্বাচনের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে পরিবহন শ্রমিকদের ভাড়ার নৈরাজ্যে। বাইপাইল বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী মোবারক হোসেন ও আলমাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোট দিতে বাড়ি যাচ্ছি, অথচ ২০ টাকার ভাড়া ১০০ টাকা রাখা হচ্ছে। ঈদ এলে যেমন যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করা হয়, আজও পরিস্থিতি ঠিক তেমনই। প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ছে না।’

মনোয়ার হোসেন নামে আরেক যাত্রী বলেন, ‘ভোট দিতে যাওয়ার এই আনন্দটা বিষাদে পরিণত হয়েছে পরিবহনগুলোর গলাকাটা ভাড়ায়। সরকারের উচিত ছিল বিশেষ এই সময়ে বিকল্প ব্যবস্থা নেওয়া।’

সাভার ট্র্যাফিক বিভাগ জানিয়েছে, শিল্পাঞ্চলের সব কারখানা একসাথে ছুটি হওয়ায় এবং শ্রমিকরা সবাই একই সময়ে বাসার উদ্দেশে বের হওয়ায় মহাসড়কে এই অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান বলেন, ‘মহাসড়কে গাড়ির চাপ অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। আমরা চেষ্টা করছি যাতে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে।’

আরও পড়ুন