নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে অটল থাকবে আনসার-ভিডিপি: মহাপরিচালক
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং আধুনিক ডিজিটাল তদারকির সমন্বয়ে বাহিনীকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এরই অংশ হিসেবে সোমবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ঢাকা মহানগর আনসারের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সমাবেশে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী ২৭ হাজার ৭০৩ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।
সমাবেশে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপস’, সমন্বিত নিরাপত্তা প্রতিক্রিয়া ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সদস্য বাছাই, সার্টিফিকেশন ও ভাতা বিতরণে প্রথমবারের মতো আধুনিক ডিজিটাল তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার সদস্যরা কোনো নির্দিষ্ট পক্ষের নয়; দেশের স্বার্থ ও সাধারণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। তিনি জানান, এবার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। নিরপেক্ষতা বা শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
নির্বাচনী নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব পালন, অস্ত্র বা সরঞ্জাম সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপর জনগণের আস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থার শক্ত ভিত্তি নির্ভর করে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
মহাপরিচালক আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার-ভিডিপির এই প্রস্তুতি নির্বাচন ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও স্বচ্ছতার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
