EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মানিকগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

ডেইলি সান রিপোর্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

মানিকগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

অ অ

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

তারা তিনজনই সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে তারা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকৃতরা হলেন- মো. বিল্লাল হোসেন বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি, মোহাম্মদ মুনজুর আলী ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং মো. জাকির হোসেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

সংবাদ সম্মেলনে এই তিন আওয়ামী লীগ নেতা বলেন, প্রত্যেকেই একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। এখনো ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলাম।

তবে সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে স্থানীয় জনগণের সেবা কার্যক্রম আগের মতোই চালিয়ে যাবো। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যোগদান করবো না বলেও স্পষ্ট করছি।

মানিকগঞ্জ প্রেস ক্লাবে বেতিলা-মিতরা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ মুনজুর আলী, মো. জাকির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন