EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাক স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ: ক্র্যাব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাক স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ: ক্র্যাব

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে বিধিনিষেধ আরোপকে অযৌক্তিক ও বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানায় 

ক্র্যাব সভাপতি মিজান মেহেদী তামাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমানে টেলিভিশনসহ সব ধরনের গণমাধ্যমই মাল্টিমিডিয়া নির্ভর। সংবাদ সংগ্রহে মোবাইল ফোন একটি অপরিহার্য মাধ্যম। এই বাস্তবতায় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন পরিচালনা করা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

তারা আরও বলেন, এমন নিষেধাজ্ঞা ভোটে অনিয়ম আড়াল করার সুযোগ তৈরি করতে পারে এবং ভোটগ্রহণের স্বচ্ছতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হবে। তাই অবিলম্বে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এ বিষয়ে প্রয়োজনীয় স্পষ্ট নির্দেশনা জারি করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।

নির্বাচন কমিশনের জারি করা নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। বাস্তবে এই নির্দেশনা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের পেশাগত কাজকে বাধাগ্রস্ত করবে বলে মনে করে ক্র্যাব।

সংগঠনের মতে, এ ধরনের সিদ্ধান্ত সরাসরি বাক স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পরিপন্থী। বিতর্কিত এই অবস্থান থেকে সরে এসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন ক্র্যাব নেতৃবৃন্দ।

আরও পড়ুন