আধুনিক ও সমৃদ্ধ নীলফামারী গড়ার প্রতিশ্রুতি, জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। ইশতেহারে আধুনিক, টেকসই ও সমৃদ্ধ নীলফামারী গড়ার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নীলফামারী শহরের মরালসংঘ মোড়ে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ ইশতেহার প্রকাশ করা হয়।
ইশতেহারে দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমতার ভিত্তিতে সমৃদ্ধ নীলফামারী গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। ছয়টি অঙ্গীকারের আওতায় মোট ৩৩টি কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।