EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি
অ অ

খুলনার দাকোপ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, খুলনা-১ আসনের দাকোপ থানার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের পক্ষে প্রচারণা চালাতে ১২-১৩ জন নারী কর্মী লক্ষীখোলা গ্রামে যান। এ সময় স্থানীয় এক ব্যক্তি হরমুজ শেখের বাড়ির কাছে পৌঁছালে তিনি তাদের ঘরে ডেকে নেন। পরে সেখানে হরমুজ শেখ, ইলিয়াস, আমানুল্লাহসহ কয়েকজন ব্যক্তি নারী কর্মীদের ঘরে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে হামলাকারীরা লাঠিসোঁটা ও জ্বালানির কাজে ব্যবহৃত কাঠ দিয়ে দাওয়াতি দলের প্রধান রোজিনা বেগমসহ নারী কর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে রোজিনা বেগমসহ অন্তত ১১–১২ জন নারী কর্মী আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দাকোপ উপজেলা শাখার নেতারা আহতদের উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রোজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “অভিযুক্তদের দুঃসাহস সহ্যের সীমা ছাড়িয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।”

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন