EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে ধর্মঘটে কন্টেইনার উঠানামা, পরিবহন ব্যাহত

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

চট্টগ্রাম বন্দরে ধর্মঘটে কন্টেইনার উঠানামা, পরিবহন ব্যাহত

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল- এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। 

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হয় এই কর্মসূচি। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা জাহাজে কন্টেইনার উঠানামা ও পরিবহন ব্যাহত হচ্ছে। 

স্বাভাবিক সময়ের তুলনায় কম পরিমাণ ট্রাক ও লরি কন্টেইনার নেওয়ার জন্য অন্তরের অভ্যন্তরে প্রবেশ করছে বলে সূত্র জানায়। 

কর্মসূচি সফল করতে মাঠে আছেন নেতা কর্মীরা। সকাল আটটা থেকে শুরু হওয়া প্রথম দিনের কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত।

বার্থ অপারেটর্স, শিপ হ্যান্ডেলিং অপারেটর এবং টার্মিনাল অপারেটস অ্যাসোসিয়েশন সভাপতি ফজলে আকরাম চৌধুরী ডেইলি সানকে জানান, বন্দরের জেনারেল কার্গো বার্থে সকাল থেকে কাজ বন্ধ রেখেছে বন্দরের কর্মচারী ও শ্রমিকরা। 

জেটিতে থাকা তিনটি জাহাজে পণ্য উঠানামা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় চলতে থাকলে দেশের সাপ্লাই চেনে ও আন্তর্জাতিক বাণিজ্যে  বিরুপ প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 একই দাবিতে রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের অপারেশন্যাল এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক দলের নেতারা। তাদের এই কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে স্কপ।

এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে শ্রমিকদ, স্কপসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।

আরও পড়ুন