EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এনসিটি বিদেশিদের হস্তান্তর

শনি ও রবিবার চট্টগ্রাম বন্দরে ধর্মঘটের ডাক

চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে।

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

শনি ও রবিবার চট্টগ্রাম বন্দরে ধর্মঘটের ডাক
অ অ

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। 

একইভাবে পরদিন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। 

রবিবার বিকেল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সিবিএ'র পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের  নেতা ইব্রাহিম খোকন  জানাম, 'সরকার চট্টগ্রাম বন্দর এবং দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা এ প্রক্রিয়ার বিরুদ্ধে গত দেড় বছর ধরে আন্দোলন করে আসছি।'

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, 'আমরা এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ধর্মঘট আহ্বান করেছি। আগামী শনিবার ৮ ঘন্টা বন্দরে অপারেশনাল কার্যক্রম এবং রোববার ৮ ঘন্টা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপরও সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।'

এরপর দুপুরের দিকে আন্দোলনরতরা চট্টগ্রাম বন্দর ভবনে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে।

আরও পড়ুন