গণভোটের সিদ্ধান্তে ভুল করলে আবারও বাংলাদেশকে ভুগতে হবে: ভূমি উপদেষ্টা
‘এবারে নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, জনগণের ভোটে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব।’
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন গণভোটের সিদ্ধান্তে ভুল করলে আবারও বাংলাদেশকে ভুগতে হবে, তাই সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত গণভোটবিষয়ক জনসচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এবারে নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, জনগণের ভোটে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব।’ তাই গণভোটে হ্যাঁ এবং জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের চাবি আপনার হাতে এ স্লোগানকে সামনে রেখে সভায় মানুষ গণভোট কেন দিবে তা নিয়ে আলোচনা করা হয়। সেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না, কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে নাসহ বিভিন্ন বিষয় হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ, রেঞ্জ ডিআইজি রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও এ সভায় নগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।