EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা আদিলুর

বান্দরবানে ৩৫০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে: উপদেষ্টা আদিলুর

ছবি: সংগৃহীত

অ অ

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, তবে আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’

শুক্রবার (১৬ জানুয়ারি) বান্দরবান জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, আমাদের শহীদেরা যেই স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্ন আমাদেরও দেখতে হবে। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি, বৈষম্যহীন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়ী হলে সুশাসন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ‘না’ ভোটের পক্ষের প্রচারকারীদের রুখে দিতে হবে। 

একই দিনে উপদেষ্টা বান্দরবানের বালাঘাটা ও চড়ুইপাড়া পাহাড়ী পল্লীতে উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী ১০০ বছরের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তিনি বান্দরবান পৌর শহরের কালাকাটা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ‘পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।

আরও পড়ুন