উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৬
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের শিশুসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই দুটি পৃথক পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৭টা ৫৮ মিনিটে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ জানান, হাসপাতালে নেওয়ার পর ও চিকিৎসাধীন অবস্থায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন এবং অন্য পরিবারের তিনজন রয়েছেন।
নিহতদের মধ্যে এক পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজন রয়েছেন। তারা হলেন- কুমিল্লা সদরের নানুয়াদিঘির পাড়ের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার ও তাদের দুই বছরের ছেলে ফাইয়াজ রিশান। নিহত অন্য তিনজন হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন ও মো. রাহাব এবং শহিদুলের মেয়ে রোদেলা।
রফিকুল আহমেদ আরও জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।’