EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

৬১ জেলায় মোতায়েন থাকবে সীমান্ত রক্ষী বাহিনী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পুরো নিরাপত্তা ব্যবস্থাকে সুপরিকল্পিত ও সমন্বিত রূপে সাজানো হয়েছে।’

উপদেষ্টা জানান, বিজিবি থেকে নির্বাচনে ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি জেলায় নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এটি সামগ্রিক নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

নির্বাচনী দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের নিরপেক্ষ থাকার কড়া নির্দেশ দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনাদের যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে- তা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এ ব্যাপারে আমি আপনাদের স্পষ্ট নির্দেশনা দিচ্ছি।’

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে নতুন নিয়োগপ্রাপ্ত বিজিবি সদস্যরা দেশ রক্ষায় শপথ গ্রহণ করেন।

আরও পড়ুন