প্রবীণ আইনজীবী আব্দুল করিম আর নেই
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
মো. আব্দুল করিম
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল করিম আর নেই। মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাখদুম সাব্বির মৃদুল জানান, বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও জজ কোর্ট প্রাঙ্গণে মৃতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে তার গ্রামের বাড়িতে জোহর নামাজের পর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অ্যাডভোকেট আব্দুল করিম ১৯৪৪ সালের ১ জুলাই ঠাকুরগাঁও জেলার নেকমরদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম দবিজউদ্দিন আহমেদ ও মাতা মরহুমা মতিজান বিবি।
১৯৭৩ সালের ২৬ জুন তিনি আইন পেশায় অন্তর্ভুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঠাকুরগাঁও জেলা আদালতে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঠাকুরগাঁও বার অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ঠাকুরগাঁও গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়াশোনা করেন। পরে দিনাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি অ্যাথলেটিকস সেক্রেটারি ছিলেন এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
মুক্তিযুদ্ধের পর নেকমরদ ও রানীশংকৈল এলাকায় শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগে সেখানে একাধিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠিত হয়।
আইন পেশার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনা পারিশ্রমিকে বা নামমাত্র খরচে আইনি সহায়তা দিতেন তিনি। তিনি একটি ইংরেজি ব্যাকরণ বইয়ের রচয়িতাও।
পারিবারিক জীবনে তিনি স্ত্রী রওজাতুন করিমকে রেখে গেছেন। তিনি একজন শিক্ষাবিদ এবং ঠাকুরগাঁওয়ের ফুলকুঁড়ি শিশুনিকেতনের সাবেক প্রধান শিক্ষিকা। মরহুমের দুই পুত্র ও দুই কন্যা রয়েছেন।
অ্যাডভোকেট আব্দুল করিমের মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি শোক প্রকাশ করেছে। তার স্মরণে বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।