ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
বাংলাদেশ মনে করে, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য কূটনীতি ও সংলাপের প্রাধান্য থাকা উচিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মনে করে, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য কূটনীতি ও সংলাপের প্রাধান্য থাকা উচিত।
এতে আরও বলা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত রয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায় মার্কিন সেনারা।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তাদের আটক করা হয়। মার্কিন বিশেষ বাহিনী মাদুরোর বাসভবন বা কম্পাউন্ডে হেলিকপ্টার ঢুকে এই অভিযান চালায়। আটকের পর তাদেরকে বিমানে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।