মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের চিংড়ির স্বাদ ও মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বৈশ্বিক বাজারে রপ্তানির ক্ষেত্রে শুধু আকার বা স্বাদই যথেষ্ট নয়। আন্তর্জাতিক বাজারে চিংড়ির স্বাস্থ্যমান, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি এবং অ্যান্টিবায়োটিকমুক্ত অবস্থার ওপর কঠোর নজরদারি করা হয়। তাই চিংড়ি উৎপাদন ও রপ্তানিতে আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করা জরুরি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন এবং আড়ত মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ভারতসহ বাইরের দেশ থেকে অথবা দেশের ভেতরে অবৈধভাবে পণ্য আমদানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হয়, অন্যদিকে ব্যবসায়ীরাও ন্যায্যভাবে লাভবান হতে পারেন না। অনেক সময় এসব পণ্য শেষ পর্যন্ত ফেলে দিতে হয়, যা সরাসরি জাতীয় সম্পদের অপচয়।
বিদ্যুৎ সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, কৃষিখাতে ভর্তুকিযুক্ত বিদ্যুৎ সুবিধা থাকলেও মৎস্য খাত এখনো সে সুবিধা পায় না। তবে গত এক বছর ধরে এ বিষয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের মাধ্যমে শিগগিরই মৎস্য খাতে প্রায় ২০ শতাংশ ভর্তুকিযুক্ত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এক প্রশ্নের উত্তরে ফরিদা আখতার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় যে পক্ষই জড়িত থাকুক না কেন, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি কমাতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
দেশের মৎস্য খাত সম্পর্কে উপদেষ্টা বলেন, পদ্ধতিগত ঘাটতির কারণে বাংলাদেশ এখনো এই খাত থেকে প্রত্যাশিত সুফল অর্জন করতে পারেনি। প্রাকৃতিক উৎস থেকে মাছের পোনা আহরণে আইনগত সীমাবদ্ধতা থাকায় পোনা উৎপাদন বাড়াতে দেশে আরও বেশি হ্যাচারি স্থাপন প্রয়োজন। তিনি আরও বলেন, বিগত সরকারের নীতিগত ত্রুটির কারণে চিংড়ি রপ্তানি খাত পিছিয়ে পড়েছে। রপ্তানিতে বিদ্যমান বৈষম্য দূর করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।