EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইউনিলিভারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মামলার আইনজীবী আলী আজগর ফয়সাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

ইউনিলিভারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ছবি: সংগৃহীত

অ অ

হাইকোর্টের আদেশ অমান্য করায় দেশের অন্যতম বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের বিপক্ষে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। ইউনিলিভারের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যধারা গ্রহণ করা হবে তা জানতে চেয়ে ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি করা হয়। 

সংক্ষুব্ধ দুটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের এক দ্বৈত বেঞ্চ গত ১৪ই ডিসেম্বর এই আদেশ দেন। মামলার আইনজীবী আলী আজগর ফয়সাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। 

রুলের জবাব দিতে ইউনিলিভারের চেয়ারম্যান জাবেদ আক্তার, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া হক এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট-এর প্রধান সাদমান সাদিকিন- এই চার কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি এই বিষয়ে পরবর্তী আদেশ দেবেন আদালত। এই সময়ের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। 

মামলার সূত্র থেকে জানা যায়, বিপণন প্রতিষ্ঠান অগ্রণী ট্রেডিং কর্পোরেশন এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স, প্রায় দুই যুগ ধরে ইউনিলিভারের পণ্য বিপণন ও বাজারজাত করে আসছে। কিন্তু গত জুলাই মাসে একটি চিঠি দিয়ে একতরফাভাবে চুক্তি বাতিল করার নোটিশ দেয় ইউনিলিভার কর্তৃপক্ষ। এতে সংক্ষুব্ধ হয়ে এই দুটি প্রতিষ্ঠান চুক্তির শর্তানুযায়ী সালিশকারী নিয়োগের জন্য সালিশ নোটিশ দেয়। 

আইনজীবী আলী আজগর ফয়সাল বলেন, ইউনিলিভার সালিশে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে অগ্রণী ট্রেডিং কর্পোরেশন এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে, ইউনিলিভারের চুক্তি বাতিলের চিঠি কার্যকর না করার জন্য এবং অন্য কাউকে এদের স্থলে পরিবেশক নিয়োগ না দেওয়ার জন্যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন জানায়। 

আদালত উক্ত আবেদন শুনানি না করে আগামী  ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মুলতবি রাখেন। এরপর প্রতিষ্ঠান দুটি হাইকোর্ট বিভাগে আবারও মামলা দায়ের করায় গত ২৩ শে সেপ্টেম্বর আদালত দুটি প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের চিঠি এবং তৃতীয় পক্ষকে পরিবেশক নিয়োগের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। ইউনিলিভার কর্তৃপক্ষ সংক্ষুব্ধ হয়ে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করলে সর্বোচ্চ আদালত কোনো আদেশ দেননি। 

স্থিতাবস্থা বহাল থাকা অবস্থায় ইউনিলিভার কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ অমান্য করে, নতুন করে তৃতীয় পক্ষকে পরিবেশক নিয়োগ দেওয়ায় এবং প্রতিষ্ঠান দুটিকে কার্যাদেশ অনুযায়ী পণ্য সরবরাহ না করায় হাইকোর্ট বিভাগ আদালত অবমাননার রুল জারি করেন বলে জানান আইনজীবী আলী আজগর ফয়সাল।

আরও পড়ুন