বিজয় দিবসে ঢাকার আকাশে মনোমুগ্ধকর এয়ার শো
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে মনোমুগ্ধকর ‘এয়ার শো’। ছবি: রেজা আহমেদ সুমন
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার আকাশে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ‘এয়ার শো’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলে এই ব্যতিক্রমী আয়োজন। তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় এয়ার শো দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে।
এয়ার শোতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো আকাশজুড়ে ছড়িয়ে দেয় নানা রঙের ধোঁয়া, যা দর্শকদের মুগ্ধ করে। একই সঙ্গে হেলিকপ্টারগুলো জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা বহন করে প্রদর্শনীতে অংশ নেয়, যা অনুষ্ঠানে যোগ করে দেশপ্রেমের অনন্য আবহ।
দুপুর ১২টায় শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় পর্ব—প্যারাশুটিং প্রদর্শনী। বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের আকাশে পতাকা হাতে স্কাইডাইভ করেন। এই ঐতিহাসিক প্রদর্শনীর মাধ্যমে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হয়।
এয়ার শো ও প্যারাট্রুপারদের স্কাইডাইভ প্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। মহান বিজয় দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন স্বাধীনতার চেতনা ও সশস্ত্র বাহিনীর দক্ষতাকে নতুন করে তুলে ধরেছে বলে মনে করেন উপস্থিত দর্শকরা।