ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো ‘সংকটজনক’: ডা. আহাদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সর্বশেষ পরীক্ষায় তার অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আবদুল আহাদ, যিনি হাদির প্রাথমিক চিকিৎসা দলের সদস্য ছিলেন, মঙ্গলবার এক ভিডিওবার্তায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাতে এই তথ্য জানান।
ডা. আবদুল আহাদ বলেন, সিঙ্গাপুরে হাদির মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, তার মস্তিষ্কে যে ফোলাভাব ছিল, তা আগের মতোই রয়েছে।
তিনি বলেন, এ মুহূর্তে তেমন কোনো সুখবর নেই।
তিনি আরও জানান, হাদির কিডনি, ফুসফুস, হৃদ্যন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-- স্বাভাবিকভাবে কাজ করতে না পারায় যন্ত্রের মাধ্যমে সচল রাখা হয়েছে।
এ ছাড়া ফুসফুসের সিটি স্ক্যানে সেখানে রক্ত জমে থাকার লক্ষণও পাওয়া গেছে বলে তিনি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্যকে গুজব উল্লেখ করে ডা. আহাদ বলেন, আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে হাদি চোখ খুলে তাকিয়েছে। বাস্তবে এমন কোনো পরিস্থিতি ঘটেনি। তাঁর অবস্থা এখনো সংকটজনক।
হাদির জ্ঞান ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ডা. আবদুল আহাদ বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকেরা এ বিষয়ে এখনই কোনো পূর্বাভাস দিতে পারছেন না।
‘চিকিৎসকেরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। তবে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব,’ বলেন তিনি।
এর আগে উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন