নীরবে এগিয়ে চলেছে খুলনার বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড
গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ১৪৮ কোটি টাকা মুনাফা অর্জন করেছে
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা। আমদানিনির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক মানের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ খাতের বিভিন্ন ক্যাবল উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
যেখানে দেশের বহু রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান লোকসানে জর্জরিত, সেখানে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড গত পাঁচ বছরে মোট ১৪৮ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা। শতভাগ উৎপাদনমুখী ও লাভজনক এই প্রতিষ্ঠানটিতে প্রতিবছরই বাড়ছে কর্মসংস্থানের সুযোগ।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মসলেম উদ্দীন জানান, খুলনা মহানগরীর শিরোমণি এলাকার ভৈরব নদের পশ্চিম তীরে ৩২ একর জমির ওপর বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কারখানাটি অবস্থিত। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার ও পশ্চিম জার্মানির মেসার্স সিমেন্স এজি’র যৌথ উদ্যোগে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মানের টেলিযোগাযোগ কপার ক্যাবল উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক জানান, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ২০১৯ সালে এখানে পাওয়ার (বৈদ্যুতিক) ক্যাবল প্লান্ট স্থাপন করা হয়। এ প্লান্টে অ্যালুমিনিয়াম ও স্টিল কপার ব্যবহার করে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর, সার্ভিস ড্রপ ক্যাবল ও বেয়ার ক্যাবল উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি ফাইবার অপটিক নেটওয়ার্কে ব্যবহৃত প্যাচ কর্ড ও পিগটেইলসহ বিভিন্ন পণ্যও তৈরি হচ্ছে। আমদানিকৃত কাঁচামাল ও উৎপাদিত পণ্যের মান বুয়েট, কুয়েট, চুয়েট ও এমআইএসটির মাধ্যমে পরীক্ষিত।
তিনি আরও জানান, ১৯৭২ সাল থেকে টেলিকম কপার ক্যাবল উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল, ২০১৬ সাল থেকে এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ২০১৯ সাল থেকে ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল উৎপাদন করছে। বর্তমানে বছরে ৫০ হাজার কন্ডাক্টর কিলোমিটার টেলিকম ক্যাবল, ২৫ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, ৬ হাজার ৫০০ কিলোমিটার এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ৬০০ মেট্রিক টন ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল উৎপাদনের সক্ষমতা রয়েছে।
উপ-মহাব্যবস্থাপক (ক্রয় ও মার্কেটিং) প্রকৌশলী মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, প্রতিষ্ঠানের প্রধান উৎপাদিত পণ্য টেলিযোগাযোগ কপার ক্যাবল। এই ক্যাবল তৈরির কাঁচামাল কপার রড অস্ট্রেলিয়া ও কোরিয়া থেকে আমদানি করা হয়। ৮ মিলিমিটার কপার রড আধুনিক স্বয়ংক্রিয় হেভি ড্রয়িং মেশিনে বিভিন্ন সাইজে রূপান্তর করা হয়। ড্রপ ওয়্যার ও টিপ ক্যাবল নামে দুই ধরনের কপার ক্যাবল উৎপাদন করে তা ১০ থেকে শুরু করে ২ হাজার ৪০০ পেয়ার পর্যন্ত সরবরাহ করা হয়। প্রধান ক্রেতা বিটিসিএল ছাড়াও ঢাকার মেট্রোরেল প্রকল্পে এই ক্যাবল ব্যবহৃত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কারখানার প্রতিটি প্লান্টে বিরামহীনভাবে স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদন চলছে। শ্রমিকের সরাসরি স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ ক্যাবল।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে মানসম্মত যোগাযোগ ব্যবস্থার জন্য অন্তত পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে মাত্র দেড় লাখ কিলোমিটার। বিদ্যমান নেটওয়ার্কের বড় অংশ ওভারহেড হওয়ায় তা দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই যোগাযোগ নেটওয়ার্ককে নিরাপদ ও মানসম্মত করতে ভূগর্ভস্থ ফাইবার নেটওয়ার্কের বিকল্প নেই।
তিনি আরও জানান, গত ৫২ বছরে প্রতিষ্ঠানটি বিটিসিএলসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী ক্যাবল সরবরাহ করে আসছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালের মধ্যে ওয়াসার উপযোগী এইচডিপিই/এইচডিডি পাইপ উৎপাদন এবং ল্যান ক্যাবল প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাতে অবদান রাখার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।