সুদান
বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক পররাষ্ট্র মন্ত্রনালয়ের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ এএম
ছবি: সংগৃহীত
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়।
শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রনালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদানের আবিয়েই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।
বাংলাদেশ তার সাহসী সন্তানদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে সরকার ও বাংলাদেশের জনগণ আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করছে।
নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষা কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা প্রদানে যৌথভাবে উদ্যোগ নিচ্ছে।