অপরাধী কাউকে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দেওয়া হবে না: পুলিশ সুপার
সাংবাদিকদের সহযোগিতা ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানালেন পুলিশ সুপার
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ বলেছেন, অস্ত্র ও মাদকের বিষয়টি আমার নজরে এসেছে। ফোকাসটা আমাদের এখন নির্বাচন কেন্দ্রীক। আমরা এ নিয়ে একটি স্পেশাল ড্রাইভে যাবো। ড্রাগস অ্যান্ড আর্মস একটার সঙ্গে আরেকটা রিলেটেড।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ বলেন, আগ্নেয়াস্ত্র উদ্ধারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। অপরাধী কাউকে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দেওয়া হবে না। কোনো অপরাধী, মাদক কারবারি আর পুলিশ একসঙ্গে থাকতে পারে না।
তিনি বলেন, কোনো সন্ত্রাসী যদি মনে করে অপরাধ করে ব্রাহ্মণবাড়িয়াতে থাকবো। দয়া করে সেটা যেন মনে না করেন। অপরাধ করা কাউকে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দিব না। আমি যতক্ষণ এই চেয়ারে আছি, আমার সীমাবদ্ধতার মধ্যেও এ নিয়ে কাজ করবো, সেটা কথা দিতে পারি।
পুলিশ সুপার এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায়, সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা স্বাগত বক্তব্য দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উব রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলামসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণেরা উপস্থিত ছিলেন।