সামরিক সম্পর্ক জোরদার
ঢাকায় ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত
বৈশ্বিক নিরাপত্তা, প্রশিক্ষণ ও যৌথ মহড়া নিয়ে বিস্তারিত আলোচনা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। ছবি: আইএসপিআর
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হল ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই সংলাপ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়।
২০১২ সাল থেকে শুরু হওয়া এই সংলাপে উভয় দেশের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ এবং যৌথ অনুশীলন ও মহড়া পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষ বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী, এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।
এতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে উন্নতি সাধন এবং পারস্পরিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।