EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভাতার দাবিতে কর্মচারীরা

সচিবালয়ে ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

সচিবালয়ে ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অ অ

কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগে তার কার্যালয়ে উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা। এই সংবাদটি লেখার সময়ও (সন্ধ্যা ৮টা ২০ মিনিট) কর্মচারীরা উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন। 

জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বৈঠক করেছেন। আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে– এমন বার্তা আন্দোলনকারীদের কাছে পাঠানো হয়। কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। আজই প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং তাদের অবস্থানে অনড় রয়েছেন।

মন্ত্রণালয়ের চার নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তারা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করে সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা জানতে পেরেছি, সচিব সাহেব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আমাদের দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন (সুরক্ষা) নিয়েও তারা বের হতে পারবেন না।

আন্দোলনকারীরা আরও জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।

এদিকে উপদেষ্টা ও সচিবের নিরাপত্তা বিবেচনায় তার একান্ত সচিবের রুমে অবস্থান করছেন পুলিশের সদস্যরা।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, উপদেষ্টা তাদের বলেছিলেন আগামী সোমবার জিও করা হবে। কিন্তু তারা (বিক্ষোভকারীরা) সেটা মানছেন না। উপদেষ্টা ও সচিব ভেতরেই রয়েছেন।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়ে তাও কার্যকর করেনি সরকার। নতুন বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্থ উপদেষ্টা এরই মধ্যে কয়েকবার বলেছেন, বেতন কমিশন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এর আগে গত ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতেও অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা।

এর আগে সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে সরকার। চলতি সপ্তাহে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বারবার এ আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই।

আরও পড়ুন