EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরে শীতের হাওয়া: লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

দোকানে স্তূপ করে রাখা শিমুল, কাপাস ও গার্মেন্টসের তুলা বেছে নিয়ে পছন্দমতো লেপ-তোশক তৈরি করাচ্ছেন ক্রেতারা

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

দিনাজপুরে শীতের হাওয়া: লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

ছবি: সংগৃহীত

অ অ

উত্তরের জেলা দিনাজপুরে শীতের আমেজ বাড়তেই জমে উঠেছে লেপ-তোশক কারিগরদের পদচারণা। বাড়ছে তুলার দাম, সঙ্গে বাড়ছে ক্রেতাদের ভিড়—ফলে জমজমাট হয়ে উঠেছে মৌসুমি এ ব্যবসা।

চুরিপট্টি এলাকার দোকানগুলোতে এখন ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ে। দোকানে স্তূপ করে রাখা শিমুল, কাপাস ও গার্মেন্টসের তুলা বেছে নিয়ে পছন্দমতো লেপ-তোশক তৈরি করাচ্ছেন ক্রেতারা।

শিমুল তুলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, কাপাস ও গার্মেন্টসের তুলা ৫০ থেকে ১৫০ টাকা। তুলার দাম বাড়ায় লেপের দামও চড়া—১,২০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ী মো. তৈয়ব আলী বলেন, “শীত পুরোপুরি নামলে বিক্রি আরও বাড়বে।” আরেক ব্যবসায়ী সোহাগ জানান, “চাহিদা সামলাতে কারিগরদের রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।”

কারিগররা বলছেন, এখনই তাদের মৌসুমি আয় সবচেয়ে বেশি। একজন কারিগর দিনে ৫৭টি লেপ তৈরি করছেন। কারিগর হাসান আলী জানান, “ব্যস্ততার মৌসুম, আয়ও ভালো।”

লেপ কিনতে আসা সাইফুল ইসলাম জানান, “শিমুল তুলায় লেপ বানাতে সাড়ে ৩ হাজার টাকা লেগেছে। শীত বাড়ার আগেই প্রস্তুতি নিচ্ছি।”

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল বলেন, “উত্তরাঞ্চলে শীত বেশি হওয়ায় লেপ-তোশক অপরিহার্য। সামর্থ্য অনুযায়ী অনেকে লেপ বানান, আর অসহায়দের জন্য সরকারি কম্বল বিতরণ হয়।”

আরও পড়ুন