সুনামগঞ্জে টিটিসি প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
‘ক্ষমতার বড়াই নয়, জনস্বার্থই সর্বোচ্চ’—বক্তাদের হুঁশিয়ারি
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রকল্পের নির্ধারিত স্থান পরিবর্তনের আশঙ্কার বিরুদ্ধে এবং প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পিডি (প্রকল্প পরিচালক) ক্ষমতার অপব্যবহার করছেন এবং নিজের কর্মক্ষেত্রের বাইরে হস্তক্ষেপের চেষ্টা করছেন। তারা সতর্ক করে বলেন, টিটিসি প্রকল্প তাহিরপুরের বাইরে নেওয়ার ষড়যন্ত্র হলে ‘দাঁতভাঙা জবাব দেওয়া হবে’।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের আলতাফ উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) উপজেলা টিটিসি বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা টিটিসি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব সুহেল আলম।
বক্তারা বলেন, ‘টিটিসি প্রকল্পের জমি একনেকে অনুমোদিত এবং জমির মালিকের কাছেও কাগজপত্র পাঠানো হয়েছে। এখন বাস্তবায়ন শুরু হওয়ার কথা। অথচ উদ্দেশ্যমূলকভাবে অজুহাত দেখিয়ে প্রকল্পটি অন্যত্র নেওয়ার অপচেষ্টা চলছে।’
তারা আরও বলেন, ‘তাহিরপুরবাসী দশকের পর দশক অবহেলিত। আমাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। প্রয়োজন হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের কিছু ব্যক্তি জনস্বার্থের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জনগণের স্বার্থের বিরুদ্ধে গেলে রসায়ন কখনোই মিলবে না। তাহিরপুরবাসী ঐক্যবদ্ধভাবে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।’
মানববন্ধনে বক্তব্য দেন—সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক,
একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান, মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,
স্থানীয় বিশিষ্টজন ফেরদৌস আলম প্রমুখ।
বক্তারা একযোগে ঘোষণা দেন, ‘তাহিরপুরকে আর পিছিয়ে রাখা যাবে না। প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে আমরা শেষ পর্যন্ত একসঙ্গে থাকব।
