টেকসই প্রাণিসম্পদ খাত সম্প্রসারণে উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন জরুরি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
দেশের প্রাণিসম্পদ খাতে উত্তম কৃষি চর্চা বা গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলাদেশে টেকসই প্রাণিসম্পদ খাত সম্প্রসারণে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস বাস্তবায়ন’ শীর্ষক পলিসি ডায়ালগের আয়োজন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিকেএসএফ ভবনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল হক বলেন, আমরা দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে এখনও পিছিয়ে আছি। দেশের উপযোগী মানদণ্ড তৈরিসহ যথাযথ সনদায়নের ব্যবস্থা করলে খামারিদের উপকার হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পিকেএসএফ দেশব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে খামারে আইওটি প্রযুক্তি, দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ, ভ্যাকসিন হাব এবং প্রাইভেট ভেটেরেনারি ল্যাব সম্প্রসারণসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করছে।