ইমাম-খতিবদের জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের অনুরোধ ধর্ম উপদেষ্টার
ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
দেশের ইমাম–খতিবদের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন–ভাতা প্রদানের জন্য বেসরকারি মসজিদ কমিটিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন হল ময়দানে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত ইমাম–খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ধর্ম উপদেষ্টা জানান, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে মাত্র ৬টি সরকারি। বাকিগুলো কমিউনিটির মাধ্যমে পরিচালিত হয়। অনেক সময় এসব বেসরকারি মসজিদ কমিটি ইমাম–খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। তবে যে কমিটিগুলো সম্মান, যৌক্তিক পারিশ্রমিক এবং অবসরে প্রণোদনা দিয়ে থাকেন—তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ইমাম–খতিবদের অসম্মান করলে সমাজের সম্মান ক্ষতিগ্রস্ত হয়। ইমাম–খতিবদের স্বার্থ রক্ষায় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হয়েছে এবং এটি খুব শিগগিরই গেজেট আকারে প্রকাশ পাবে বলে জানান।
ড. খালিদ আরও বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোর বর্তমান নীতিমালায় ইমাম–খতিবদের বেতন অপ্রতুল। এ সরকারের আমলেই বেতন–ভাতা বৃদ্ধি করে নতুন নীতিমালা প্রণীত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অসুস্থ ও দুস্থ ইমাম–খতিবদের সহযোগিতার আশ্বাসও দেন উপদেষ্টা।
ইমাম–খতিবদের সমাজসচেতন ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জুমার খুতবার আগে মাদক, যৌতুক, দুর্নীতি, সুদ, ঘুষ, কিশোরগ্যাংসহ সামাজিক সমস্যাগুলো নিয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। পাশাপাশি ইমাম–খতিবদের মধ্যে বিভেদ সৃষ্টি না হওয়ার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। পরে উপদেষ্টা কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।