পাঁচ দিনের ঢাকা সফরে কমনওয়েলথ মহাসচিব শার্লি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে। ছবি: সংগৃহীত
কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর। সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।
কমনওয়েলথ সচিবালয় জানিয়েছে, পাঁচ দিনের সফরে (২০ থেকে ২৪ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনারসহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কমনওয়েলথ মহাসচিব।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এ সফরটিকে ‘বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে সচিবালয়।
বৈঠকে মহাসচিব সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও তুলে ধরবেন। সেখানে গণতন্ত্রকে তিনটি মূল স্তম্ভের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়াও, বাংলাদেশের জনগণকে কীভাবে কার্যকর ও লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়া সম্ভব সে বিষয়ে তিনি সবার মতামত নেবেন।
সফরের আগে বচওয়ে বাংলাদেশকে ‘কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্য’ হিসেবে অভিহিত করেন। তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথে যোগ দেয়।