হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি
তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত
ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেওয়া হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্যকে হুমকি দেওয়া হয়।
টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রবিবার রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে। অকথ্য গালিগালাজ করা হয়।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছ অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি। একপর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।
এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই।