জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মী কারাগারে
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:২৭ পিএম
সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।
গ্রেপ্তার ১৯ জন হলেন মেহেদী হাসান, মো. সুমন, মো. ইমন, মহিউদ্দিন, মো. বশর, হাসান, সজিব, মুসা, জয়নাল, রাসেল, সাদ্দাম হোসেন, আলামিন, রাকিক, শরীফ মিয়া, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস ও জাহিদুল হক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, জানাজা শেষে লাঠিসোটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বেশির ভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।