চার্জার সব সময় প্লাগ ইন করে রাখলে কী হয়?
চার্জারগুলো বিদ্যুৎপ্রবাহের কারণে ধীরে ধীরে পুরোনো হতে থাকে। বিশেষ করে যখন বিদ্যুৎ গ্রিডে ভোল্টেজ সাময়িকভাবে বেড়ে যায়, তখন চার্জারের আয়ু কমে যেতে পারে।
ডেইলি সান, লাইফস্টাইল
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ এএম
ছবি সংগৃহীত
আমাদের দৈনন্দিন জীবনে এখন ইলেকট্রনিক ডিভাইস অপরিহার্য। মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ই-বাইক—সবকিছুই চার্জার দিয়ে চলে। অনেকেই আছেন যারা চার্জার ব্যবহারের পর তা প্লাগ থেকে খোলেন না, এমনকি সুইচও বন্ধ করেন না। এটি কি কোনোভাবে বিপজ্জনক? এতে কি বিদ্যুতের খরচ বাড়ে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেব এই প্রতিবেদনে।
চার্জারের ভেতরে কী থাকে?
সব চার্জার একরকম হয় না। ব্যবহারের ধরন এবং বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে এর গঠন সহজ থেকে জটিল হতে পারে। তবে সব চার্জারের মূল কাজ হলো প্লাগ থেকে আসা অল্টারনেটিং কারেন্টকে (এসি) ডিভাইসের জন্য প্রয়োজনীয় কম ভোল্টেজের ডাইরেক্ট কারেন্ট (ডিসি)-এ রূপান্তর করা।
ডিসি এবং এসির পার্থক্য বুঝতে একটি তারের মধ্যে ইলেকট্রনের প্রবাহ কল্পনা করা যেতে পারে। ডিসি সার্কিটে ইলেকট্রন একদিকে প্রবাহিত হয়, আর এসি সার্কিটে ইলেকট্রন দ্রুত দিক পরিবর্তন করতে থাকে। আধুনিক যন্ত্রপাতি এবং ব্যাটারিতে ডিসি কারেন্ট প্রয়োজন হলেও, বিদ্যুৎ উৎপাদন করা হয় এসি আকারে। তাই প্রতিটি ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গেই একটি এসি-ডিসি ট্রান্সফর্মার থাকে, যা এই রূপান্তরের কাজটি করে।
একটি সাধারণ চার্জারে এই রূপান্তরের জন্য কিছু বৈদ্যুতিক উপাদান থাকে। যেমন—ট্রান্সফর্মার, সার্কিট, ফিল্টারিং উপাদান, এবং সুরক্ষা ও নিয়ন্ত্রণের জন্য বিশেষ সার্কিট।
ব্যবহার না করলেও বিদ্যুৎ খরচ হয়
যখন চার্জার কোনো ডিভাইসের সঙ্গে যুক্ত না থেকেও প্লাগে লাগানো থাকে, তখন এটি সামান্য বিদ্যুৎ খরচ করে। এই খরচকে বলা হয় ‘ভ্যাম্পায়ার পাওয়ার’ বা ‘অলস বিদ্যুৎ খরচ’। এই বিদ্যুৎ চার্জারের ভেতরের নিয়ন্ত্রণ সার্কিট সচল রাখতে ব্যবহৃত হয়, এবং বাকিটা তাপ হিসেবে নষ্ট হয়।
বড় আকারের চার্জারের ক্ষেত্রে এই অপচয় নগণ্য মনে হতে পারে। তবে বাড়ির সব চার্জার, টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের এই অপচয় যোগ করলে সময়ের সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্য পরিমাণ হতে পারে। তবে আধুনিক চার্জারগুলো অনেক উন্নত হওয়ায় এই অপচয় এখন অনেকটাই কমে এসেছে।
অন্যান্য ঝুঁকি
চার্জারগুলো বিদ্যুৎপ্রবাহের কারণে ধীরে ধীরে পুরোনো হতে থাকে। বিশেষ করে যখন বিদ্যুৎ গ্রিডে ভোল্টেজ সাময়িকভাবে বেড়ে যায়, তখন চার্জারের আয়ু কমে যেতে পারে। কম দামি এবং অনুমোদনহীন চার্জারগুলোতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা থাকে না। ফলে এই ধরনের চার্জার ব্যবহারের সময় অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা আগুন লাগার ঝুঁকি থাকে।
চার্জার ব্যবহারের সঠিক উপায়
আধুনিক চার্জারগুলো সাধারণত নিরাপদ এবং কম বিদ্যুৎ খরচ করে। তারপরও, যদি সম্ভব হয়, ব্যবহার শেষে চার্জার প্লাগ থেকে খুলে রাখা উচিত।
যদি কোনো চার্জার অস্বাভাবিকভাবে গরম হয়, শব্দ করে, অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত মনে হয়, তবে সেটি ব্যবহার করা বন্ধ করে দিন। এমন চার্জার প্লাগে লাগিয়ে রাখা একদমই নিরাপদ নয়।