EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম

ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

অ অ

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২২ নভেম্বর (রবিবার) নয়াদিল্লি যাবেন তিনি। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

শুক্রবার (২০ নভেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, বালেন্দ্র শাহের সম্মানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নেপাল ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। অভিন্ন সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্কের ওপর ভিত্তি করে এ সম্পর্ক গড়ে উঠেছে। সফরটি দুই দেশের বহুমুখী সহযোগিতামূলক অংশীদারত্ব ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এবং উভয় দেশের জনগণের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।

চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন বালেন্দ্র শাহ। সেটিই ছিল তার প্রথম বিদেশ সফর। সে হিসাবে ভারত সফরটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

কয়েক সপ্তাহ আগে নেপাল সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, আগস্টে নেপালে বন্যার সময় ভারত দ্রুত মানবিক ও কারিগরি সহায়তা দেওয়ায় দেশটির নেতৃত্ব কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


এবারের সফরে ভারতের ব্যবসায়ী নেতাদের একটি সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে বালেন্দ্র শাহের। ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে।

নেপালের দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট-কে দেশটির পররাষ্ট্র সচিব অমৃত রাই জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

রাই আরও জানান, সফরে কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হবে এবং অন্য কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন