EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রকেট বিকল, অ্যামাজনের ৪০ স্যাটেলাইট ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

রকেট বিকল, অ্যামাজনের ৪০ স্যাটেলাইট ধ্বংস

উৎক্ষেপণের ১০ মিনিট পর বিকল ইউএলএর ভালকান রকেট। ছবি: বিবিসি

অ অ

ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটের মাথায় ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভালকান রকেট বিকল হয়ে গেছে। এতে অ্যামাজনের ‘লিও’ কনস্টেলশনের ৪০টি স্যাটেলাইট ধ্বংস হয়েছে।

গতকাল রোববার (যুক্তরাষ্ট্র সময়) কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। ইলন মাস্কের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাতে জেফ বেজোসের উচ্চাভিলাষী পরিকল্পনায় এটি বড় ধাক্কা।

বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে গঠিত ইউএলএ জানিয়েছে, উৎক্ষেপণের কিছুক্ষণ পরই রকেটটিতে ‘যান্ত্রিক ত্রুটি বা অসঙ্গতি’ দেখা দেয়। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর এটিই প্রতিষ্ঠানটির প্রথম পূর্ণাঙ্গ মিশন ব্যর্থতা। এক বিবৃতিতে ইউএলএ বলেছে, ঠিক কী ঘটেছে তা বোঝার মতো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত এখনো তাদের হাতে আসেনি।

স্টারলিংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার লক্ষ্যে ‘অ্যামাজন লিও’ নামে মহাকাশভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গড়ে তুলছে অ্যামাজন। প্রাথমিক নেটওয়ার্কের জন্য তারা ৩ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। এর মধ্যে ৩৮টি আলাদা মিশনে ১ হাজার ৫০০-এর বেশি স্যাটেলাইট বহনের জন্য ইউএলএর ভালকান রকেট বুকিং দেওয়া ছিল।

নেটওয়ার্ক সম্প্রসারণে অ্যামাজন এরই মধ্যে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। গত এপ্রিলে মার্কিন স্যাটেলাইট কোম্পানি ‘গ্লোবালস্টার’ অধিগ্রহণের জন্য ১ হাজার ১৫০ কোটি ডলারের চুক্তিও ঘোষণা করে প্রতিষ্ঠানটি। তবু স্টারলিংকের তুলনায় অ্যামাজন অনেক পিছিয়ে। স্টারলিংকের ১১ হাজারের বেশি স্যাটেলাইট এখন কক্ষপথে সচল আছে এবং বিশ্বজুড়ে তাদের কোটি কোটি গ্রাহক রয়েছে।

এর আগে গত মে মাসে অ্যামাজনের পরিকল্পনা আরেক দফা ধাক্কা খায়। তখন বেজোসের মহাকাশ কোম্পানি ‘ব্লু অরিজিন’-এর একটি রকেট লঞ্চপ্যাডেই বিস্ফোরিত হয়। লিও সিরিজের বেশ কিছু স্যাটেলাইট পাঠাতে ওই রকেট ব্যবহারের পরিকল্পনা ছিল অ্যামাজনের।

ইউএলএর ব্যর্থতার একদিন আগে স্পেসএক্সের ‘স্টারশিপ’ রকেটের সফল অবতরণ হয়েছে। ২২ ঘণ্টার পরীক্ষামূলক ফ্লাইট শেষে রকেটটির ওপরের অংশ টেক্সাসে স্পেসএক্সের ঘাঁটিতে ফিরে আসে। ল্যান্ডিং টাওয়ারের এক জোড়া রোবটিক বাহু সেটি ধরে ফেলে।

ইউএলএর ব্যর্থতার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “খবরটি শুনে খুব দুঃখিত। আশা করি, আপনারা খুব দ্রুতই আবার ফ্লাইটে ফিরে আসবেন।”

অ্যামাজন এক্স-এ জানিয়েছে, ইউএলএ তাদের বিশ্বস্ত অংশীদার। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, ইউএলএ এই মিশন থেকে শিক্ষা নেবে এবং ভালকান রকেট নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করবে।

ইউএলএ নাসার আর্টেমিস মিশনের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটেও কাজ করছে। ২০২৮ সালে চাঁদে আবার মানুষ পাঠানোর লক্ষ্যে এই মিশন পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন