EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব, নিরাপত্তা সংকটে ইসরায়েল

দেশটির নিরাপত্তার জন্য বড় ধাক্কা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব, নিরাপত্তা সংকটে ইসরায়েল

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ের সম্ভাবনার মধ্যেই নিরাপত্তা সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি, গাজায় সামরিক অভিযানের প্রভাব এবং ইরানের সঙ্গে যুদ্ধ দেশটির কৌশলগত অবস্থানকে দুর্বল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু ক্ষমতা ছাড়লেও এসব সংকট সহজে কাটবে না।

লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির জ্যেষ্ঠ কনসালটিং ফেলো যোসি মেকেলবার্গের এক বিশ্লেষণে এসব বিষয় উঠে এসেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত ওই বিশ্লেষণে তিনি বলেছেন, নেতানিয়াহুর শাসনামলে ইসরায়েলের নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক মর্যাদার যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা কঠিন হতে পারে।

কৌশলগত দিক থেকে ইসরায়েলের বড় ক্ষতি হয়েছে। দেশটির নিরাপত্তার জন্য বড় ধাক্কা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি। যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও দূরত্ব এখন আর শুধু দুই দেশের সরকারের মধ্যে সীমাবদ্ধ নেই। মার্কিন সাধারণ মানুষের মধ্যেও ইসরায়েলবিরোধী মনোভাব বেড়েছে।

শুধু নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরালেই এই ক্ষতি পূরণ হবে না। এর প্রভাব ইসরায়েলের নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক মর্যাদার ওপর পড়তে পারে। সরকার পরিবর্তনে কিছুটা সুফল মিললেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম।

মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধ করা হবে। কয়েক দশক ধরে চলা এই সহায়তা বন্ধের ঘোষণা অনেককে বিস্মিত করেছে।

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয় ঠেকানোর রাজনৈতিক কৌশল হিসেবে এ ঘোষণা দেওয়া হয়ে থাকতে পারে। তবে ইসরায়েলকে সামরিক সহায়তা কমানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের গতিপথ এখন স্পষ্ট। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলকে প্রায় নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সেই অবস্থানে পরিবর্তন আসছে। ইসরায়েলের নীতি মার্কিন স্বার্থের বিরোধী হলেও এতদিন ওয়াশিংটন দেশটিকে সমর্থন দিয়ে গেছে।

এই পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে নেতানিয়াহুর অতি ডানপন্থী সরকারের কর্মকাণ্ড অন্যতম। অনেকের মতে, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্র বড় সংঘাতে জড়িয়ে পড়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, মিত্ররা বিপদে পড়েছে এবং মার্কিন অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের উদারপন্থীরা কয়েকটি বিষয়ে ক্ষুব্ধ। গাজায় ইসরায়েলের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ, ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপন তাদের উদ্বেগ ও ক্ষোভ বাড়িয়েছে।

ইসরায়েল সরকার দাবি করে, দেশটির সমালোচকেরা ইহুদিবিদ্বেষী। তবে বিশ্লেষকের মতে, এই দাবি সঠিক নয়।

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও অর্থ সহায়তায় গাজায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অনেকেরই ৭ অক্টোবরের হামাসের হামলার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এ ছাড়া ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থীদের নির্যাতনের ঘটনাতেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মার্কিন নাগরিকদের কাছে এসব বিষয় গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘মাগা’ শিবিরের মানুষের অবস্থান ভিন্ন। তাদের ধারণা, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়েছে। এতে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ কারণে তারা অন্য দেশে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন।

তবে এ বিষয়ে মাগা ও উদারপন্থীদের মধ্যে একটি মিল রয়েছে। উভয় পক্ষই বিদেশে বিপুল অর্থ সহায়তা দেওয়ার বিরোধিতা করে। তাদের মতে, এই অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় করা উচিত। এর পেছনে রাজনৈতিক স্বার্থও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ও বেকারত্বের মতো সমস্যা মোকাবিলায় বিপুল অর্থের প্রয়োজন। তাই ইসরায়েলকে দেওয়া সহায়তা দেশের ক্ষতির কারণ হলে তা মেনে নিতে রাজি নন অনেক মার্কিন নাগরিক।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের খারাপ ফলের দায় ইসরায়েলের ওপর চাপানোর চেষ্টা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে বিশ্লেষকের মতে, এটি নিজের দায় এড়ানোর চেষ্টা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর শুধু ইসরায়েলের তথ্যের ওপর নির্ভর করা উচিত হয়নি। যুদ্ধ দ্রুত শেষ হবে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে যাবে—নেতানিয়াহুর এমন দাবি ভুল প্রমাণিত হয়েছে। ফলে এ যুদ্ধের দায় মার্কিন প্রশাসনকেও নিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কখনোই সমান অবস্থানে ছিল না। ইসরায়েল তার অস্ত্রের বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে এবং আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের সমর্থনের ওপর নির্ভরশীল। তাই যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলকে দেওয়া বিশেষ সুবিধাগুলো পুনর্বিবেচনা করতে পারে। কিন্তু ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের ওপর একই ধরনের প্রভাব বিস্তার করা সম্ভব নয়।

এর অর্থ এই নয় যে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যাবে। তবে সম্পর্কে পরিবর্তন আসবে। সামনে আবার নির্বাচন থাকায় মার্কিন রাজনীতিকেরা সাধারণ মানুষের মনোভাবকে গুরুত্ব দেবেন। ফলে তারা ইসরায়েল থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারেন। ভবিষ্যতে দুই দেশের স্বার্থের মিল থাকলেই কেবল সহযোগিতা বাড়বে।

যুক্তরাষ্ট্র এতদিন কেন ইসরায়েলকে সহায়তা দিয়ে এসেছে, তার পেছনে তিনটি বড় কারণ ছিল। প্রথমত, হলোকাস্টের পর ইহুদিদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা থেকে ইসরায়েলের প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, দুই দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী—এমন ধারণা ছিল। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হিসেবে বিবেচনা করা হতো। ধারণা ছিল, মার্কিন অস্ত্রের সহায়তায় ইসরায়েল নিজেই আঞ্চলিক সংঘাত মোকাবিলা করতে পারবে। তবে সময়ের সঙ্গে যুদ্ধকালীন সেই স্মৃতি ফিকে হয়ে এসেছে।

ইসরায়েলের গণতন্ত্র এখন দেশের ভেতরেই প্রশ্নের মুখে। ফিলিস্তিনিদের প্রতি দেশটির আচরণেও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচিত দ্বিতীয় কারণটিও দুর্বল হয়ে পড়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধ নতুন করে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল এখনো কৌশলগত সম্পদ, নাকি ক্রমেই বোঝা হয়ে উঠছে। মধ্যবর্তী নির্বাচন দুই দেশের সম্পর্কে এই টানাপোড়েন আরও বাড়িয়েছে। আগামী দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কোন পথে এগোবে, তা হয়তো এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাতেই স্পষ্ট হবে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন