EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চীন সফর নিয়ে হোয়াইট হাউসের বিবৃতি

পুতিন ও শি জিনপিংয়ের সাথে পরমাণু অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবে ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

পুতিন ও শি জিনপিংয়ের সাথে পরমাণু অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবে ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ

আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক ত্রিপক্ষীয় বৈঠকে পরমাণু অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের সাথে এক ফোনালাপে এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

চারদিনের এশিয়া সফরের অংশ হিসেবে আগামী সোমবার (১৫ নভেম্বর) চীনের উদ্দেশ্যে রওনা দেবেন ট্রাম্প।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই তিন নেতার বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে বলে আসছেন যে বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রসার অত্যন্ত বিপজ্জনক। তবে বাণিজ্য ও অর্থনীতিকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলনে পরমাণু ইস্যু আনার বিষয়ে চীন অনীহা প্রকাশ করেছে।

এর আগে বেইজিং বারবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে সরাসরি পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় বসতে নারাজ। কারণ ওয়াশিংটন ও মস্কোর কাছেই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে।

ট্রাম্প প্রশাসনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘‘আমরা এই বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছানোর আশা করছি না। তবে চীনের জন্য এটি একটি কঠিন বিষয় হলেও, আমরা মনে করি চীনের এখন দায়িত্বশীল ভূমিকা পালনের এবং এই বিষয়ে পরিণত আলোচনা করার সময় এসেছে।’’

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পারমাণবিক ওয়ারহেডের মজুতের দিক থেকে বর্তমানে রাশিয়ার পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই পরাশক্তির মধ্যকার ‘নিউ স্টার্ট’ বা নতুন  অস্ত্র হ্রাসকরণ চুক্তিটি এ বছরই মেয়াদ পূর্ণ করেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন নেতার এই বৈঠকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের বিষয়টিও তুলবেন ট্রাম্প। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বা ইউক্রেনের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

ট্রাম্পের এবারের চীন সফরে তাঁর সাথে ইলন মাস্ক থাকলেও তিনি শি জিনপিং ও পুতিনের সাথে বৈঠকে উপস্থিত থাকবেন না। এছাড়া এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথেও ট্রাম্পের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন