EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম

যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় এ ত্রুটি দেখা দিলে এ সিদ্ধান্ত নেয় এফএএ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন পদক্ষেপ নেওয়া হলো। খবর রয়টার্সের।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখা হয়। এর প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও পড়ে। কানাডা ও ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যোগাযোগব্যবস্থার এ বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো লক্ষণ পাওয়া যায়নি। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এটি আমাদের বিরুদ্ধে কোনো উদ্দেশ্যপ্রণোদিত হামলা। আপাতত এটি একটি টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি।’

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে মুলিন বলেন, ‘এটি আরেকটি ৯/১১ নয়।’ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানা সংকটে রয়েছে। পুরোনো প্রযুক্তি, যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটের কারণে এ খাতের পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এফএএর প্রযুক্তির বড় একটি অংশ কয়েক দশকের পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানায়, দেশজুড়ে ৪০০টির বেশি স্থাপনায় ব্যবহৃত ফ্লপি ডিস্ক ২০২৮ সালের শেষ নাগাদ পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।

শুক্রবার দেশটির বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভিড় দেখা যায়। ফ্লাইটের তথ্য প্রদর্শনকারী বোর্ডে একের পর এক বিলম্ব ও বাতিলের ঘোষণা আসতে থাকে। উড়োজাহাজগুলো বিমানবন্দরের গেটে আটকে থাকে। গেট পূর্ণ হয়ে যাওয়ায় অবতরণ করা কিছু উড়োজাহাজও রানওয়ের পাশের ট্যাক্সিওয়েতে অপেক্ষা করতে বাধ্য হয়।

বিমান সংস্থাগুলোর কর্মকর্তারা জানান, এফএএ কখন উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি। তবে কিছু এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নতির প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

এফএএ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০টা ৫৪ মিনিট) দেশজুড়ে উড্ডয়ন বন্ধের ঘোষণা দেয়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই সময় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর উদ্দেশে আকাশে ছিল ৪ হাজার ৪২টি উড়োজাহাজ। এর কিছুক্ষণ আগে যোগাযোগব্যবস্থায় সমস্যার কারণে শিকাগোতে উড়োজাহাজ চলাচল বন্ধ করেছিল সংস্থাটি।

বিমান চলাচল বিশ্লেষক ও আর ডব্লিউ মান অ্যান্ড কোম্পানির প্রধান রবার্ট মান বলেন, সন্ধ্যা পর্যন্ত উড্ডয়ন বন্ধ থাকলে বিমান সংস্থাগুলোর ফ্লাইট নেটওয়ার্ক স্বাভাবিক করতে পুরো সপ্তাহান্ত লেগে যেতে পারে।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ দুই ঘণ্টারও কম সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রেখেছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর সেটিই ছিল দেশজুড়ে উড্ডয়ন বন্ধের প্রথম ঘটনা।


এদিকে যুক্তরাষ্ট্রের পুরোনো বিমানবন্দর ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে আরও ৩০১০ কোটি ডলার বরাদ্দ দিতে শুক্রবার কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস ও দেশটির পরিবহন বিভাগ।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলব্যবস্থা একাধিক বিপর্যয়ের মুখে পড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরের কাছে আকাশে দুটি উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

চলতি মাসে ইউরোপজুড়েও ভুয়া বোমা হামলার হুমকিতে কয়েক ডজন যাত্রীবাহী ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি উড়োজাহাজকে নির্ধারিত গন্তব্যের বাইরে অবতরণ করতে হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের যোগাযোগব্যবস্থার বিপর্যয়ের সঙ্গে ইউরোপের এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে—এমন ইঙ্গিত পাওয়া যায়নি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবাও জানিয়েছে, দেশজুড়ে তাদের ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার ত্রুটির কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন