এআইয়ের চাহিদা কমেনি, তবে ব্যয়ের হিসাব কষছে প্রতিষ্ঠানগুলো
সিএনবিসির প্রতিবেদনে ইন্টেল, নেবিয়াস, সেরেব্রাস ও লুমেন্টামের শীর্ষ নির্বাহীদের বক্তব্য উঠে এসেছে
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম
এআই অবকাঠামোর চাহিদা এখনো অনেক বেশি, তবে খরচ-লাভের হিসাবকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ফাইল ছবি
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চাহিদা এখনো তুঙ্গে রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো এখন শুধু প্রযুক্তির সক্ষমতা নয়, এআই ব্যবহারের খরচ ও লাভের হিসাবকেও বেশি গুরুত্ব দিয়ে দেখছে। এআই খাতের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রবিবার (১২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শীর্ষ কর্মকর্তারা জানান, বর্তমানে এআই অবকাঠামোর চাহিদা এত বেশি যে অনেক প্রতিষ্ঠান তা পূরণই করতে পারছে না। তাই বাজারে অতিরিক্ত সক্ষমতা তৈরি হয়েছে— এমন ধারণার সঙ্গে তারা একমত নন।
ইন্টেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বর্তমানে প্লেগ্রাউন্ড গ্লোবালের জেনারেল পার্টনার প্যাট গেলসিঙ্গার বলেন, এআইয়ের চাহিদা প্রায় সীমাহীন। তার মতে, এখন সবচেয়ে বড় বাধা পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, কারণ এআই চালাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়।
ডাটা সেন্টার নির্মাতা প্রতিষ্ঠান নেবিয়াসের প্রধান রাজস্ব কর্মকর্তা মার্ক বোরোডিটস্কি বলেন, তাদের কাছে চাহিদা এত বেশি যে সব গ্রাহকের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।
সেরেব্রাস সিস্টেমসের প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফেল্ডম্যান বলেন, মেটা ও এক্সএআই অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেওয়ার ঘটনা পুরো শিল্পের প্রকৃত চিত্র নয়। তার ভাষ্যে, এআই খাতে এখনো পর্যাপ্ত ডাটা সেন্টার ও কম্পিউটিং সক্ষমতার ঘাটতি রয়েছে।
দক্ষিণ কোরিয়ার এআই চিপ নির্মাতা স্টার্টআপ রেবেলিয়নসের প্রধান নির্বাহী সাংইয়ুন পার্ক বলেন, এআই অবকাঠামোয় বিনিয়োগের গতি এখনো শক্তিশালী। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত বিনিয়োগ করছে বলে তিনি মনে করেন না।
অন্যদিকে ডাটা সেন্টারের অপটিক্যাল যন্ত্রাংশ নির্মাতা লুমেন্টামের প্রধান নির্বাহী মাইকেল হার্লস্টন জানান, আগামী পাঁচ বছরের উৎপাদন সক্ষমতাও আগেই বিক্রি হয়ে গেছে। চাহিদা মেটাতে তারা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন।
তবে এআই ব্যবহারে প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। আগে অনেক প্রতিষ্ঠান কর্মীদের যত বেশি সম্ভব এআই ব্যবহারে উৎসাহ দিত। এখন তারা দেখছে, এআই ব্যবহারে প্রকৃতপক্ষে কতটা ব্যবসায়িক লাভ হচ্ছে।
মার্ক বোরোডিটস্কি বলেন, শুধু বেশি এআই ব্যবহার করাই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং এমনভাবে ব্যবহার করতে হবে যাতে খরচের তুলনায় ভালো ফল পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সব কাজের জন্য একই ধরনের এআই মডেল ব্যবহৃত হবে না। জটিল কাজের জন্য শক্তিশালী ও ব্যয়বহুল মডেল ব্যবহার করা হবে, আর সাধারণ কাজের জন্য কম খরচের মডেলই যথেষ্ট হবে। এতে প্রতিষ্ঠানগুলোর খরচ কমবে এবং এআই ব্যবহারে দক্ষতা আরও বাড়বে।