EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ব্যর্থতার এক দশক পর এআই চশমা নিয়ে ফিরছে গুগল

গুগল বলেছে, আধুনিক এসব স্মার্ট চশমা অ্যান্ড্রয়েড ও অ্যাপল উভয় ডিভাইসেই অনায়াসে কাজ করবে।

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

ব্যর্থতার এক দশক পর এআই চশমা নিয়ে ফিরছে গুগল

ছবি: সংগৃহীত

অ অ

প্রথম সংস্করণের ব্যর্থতার এক দশক পর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর ভর করে আবারও স্মার্ট চশমার বাজারে শক্তিমত্তার সাথে ফিরছে টেক জায়ান্ট গুগল।

আগামী শরতেই বাজারে আসতে যাওয়া এই চশমায় যুক্ত থাকছে গুগলের নিজস্ব এআই প্ল্যাটফর্ম ‘জেমিনাই’। গত মঙ্গলবার গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এই নতুন স্মার্ট চশমাটি প্রথমবারের মতো উন্মোচন করা হয়।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, চশমাটির ফ্রেমে থাকবে একটি ছোট ক্যামেরা এবং দুই হাতলে যুক্ত থাকবে ছোট স্পিকার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের জেমিনাই এআই-এর সাথে কথা বলতে এবং নির্দেশনা দিতে পারবেন। ‘ওয়ারবি পার্কার’ ও ‘জেন্টল মনস্টার’— এই দুটি খ্যাতনামা ব্র্যান্ডের ভিন্ন ডিজাইনে চশমাটি বাজারে পাওয়া যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, আধুনিক এই চশমাটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ডিভাইসেই অনায়াসে কাজ করবে।

সম্মেলনে গুগলের কর্মকর্তা শাহরাম ইজাদি বলেন, ‘এই চশমা ব্যবহারের ফলে গ্রাহকদের আর ফোন হাতে ধরে রাখতে বা বারবার মাথা নিচু করে স্ক্রিনের দিকে তাকাতে হবে না। স্ক্রিনে কিছু দেখানোর বদলে জেমিনাই সারাদিন আপনার কানে কানে কথা বলে ব্যক্তিগত সহকারীর মতো সাহায্য করবে।’

গুগল কেবল অডিও চশমাতেই সীমাবদ্ধ থাকছে না। কোম্পানিটি এমন এক উন্নত সংস্করণ নিয়ে কাজ করছে যার লেন্সে থাকবে বিশেষ ডিসপ্লে। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি চোখের সামনে বিভিন্ন টেক্সট ও তথ্য দেখতে পাবেন। তবে ডিসপ্লেওয়ালা এই সংস্করণটি এখনই বাজারে আসছে না।

ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত এই সম্মেলনে ইজাদি জানান, ইন-লেন্স ডিসপ্লের এই চশমাটি নিয়ে চলতি বছরের শেষদিকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ইতোমধ্যে অ্যাপ ডেভেলপাররা এই চশমার উপযোগী অ্যাপ তৈরির কাজ শুরু করে দিয়েছেন।

এর আগে ২০১৩ সালে ‘গুগল গ্লাস’ বাজারে এনেছিল কোম্পানিটি। কিন্তু চড়া দাম এবং গোপনে ভিডিও ধারণের কারণে প্রাইভেসির (ব্যক্তিগত গোপনীয়তা) আশঙ্কায় তীব্র সমালোচনার মুখে পড়ে, তা চালুর মাত্র সাত মাসের মাথায় বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য হয় গুগল।

বর্তমান বাজারে গুগলের এই এআই চশমার মূল প্রতিদ্বন্দ্বী মেটা। মেটার বাজারে থাকা ‘রে-ব্যান’ স্মার্ট চশমাটিতেও একই রকম ক্যামেরা ও স্পিকার রয়েছে, এবং মেটা এআই ব্যবহার করা যায়। মেটার দাবি অনুযায়ী, তাদের চশমাটি ইতোমধ্যে প্রায় ৭০ লাখ কপি বিক্রি হয়েছে। তবে এক দশক আগে গুগল গ্লাস যে ধরনের প্রাইভেসি ঝুঁকিতে পড়েছিল, মেটার চশমা নিয়েও এখন একই বিতর্ক দেখা দিচ্ছে। অনেকেই অজান্তে জনসমক্ষে বা ব্যক্তিগত মুহূর্তে মেটা চশমা ব্যবহারকারীদের ক্যামেরায় বন্দি হচ্ছেন, যা পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে।

স্মার্ট চশমার এই বাজারে প্রতিযোগিতা কেবল গুগল বা মেটার মধ্যেই সীমাবদ্ধ নেই। ‘স্ন্যাপ’ কোম্পানিও এ বছর তাদের স্মার্ট চশমার নতুন সংস্করণ আনছে এবং অ্যাপলও এই প্রযুক্তির ওপর কাজ করছে।

স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘৫০০ গ্লোবাল’- এর ক্রিস্টিন সাই গুগলের এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটি সাধারণ গ্রাহক ও স্টার্টআপ বিনিয়োগকারী— উভয়ের জন্যই দারুণ খবর। কারণ এর ফলে নতুন নতুন সেবা তৈরির একটি বড় প্ল্যাটফর্ম তৈরি হবে।’

স্মার্টফোনের অভাবনীয় সাফল্যের পর স্মার্ট চশমা এখন মানুষের যোগাযোগের ‘পরবর্তী প্রধান মাধ্যম’ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন