এবার নিজের ঘরেই হবে ভার্চুয়াল আড্ডা
সীমা ভেঙে ব্যবহারকারীদের জন্য খুলে যাচ্ছে শেয়ারযোগ্য ভার্চুয়াল রুম যেখানে একসঙ্গে আড্ডা দিতে পারবেন বন্ধুরা।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত করতে বড় আপডেট নিয়ে এসেছে মেটা। এত দিন মেটার হাইপারস্কেপ প্রযুক্তিতে নিজের ঘরের ডিজিটাল কপি দেখা গেলেও সেই জায়গাটি ছিল একান্ত ব্যক্তিগত। এবার সেই সীমা ভেঙে ব্যবহারকারীদের জন্য খুলে যাচ্ছে শেয়ারযোগ্য ভার্চুয়াল রুম যেখানে একসঙ্গে আড্ডা দিতে পারবেন বন্ধুরা।
মেটা তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, হাইপারস্কেপ রুম এখন সর্বোচ্চ আটজন পর্যন্ত ব্যবহারকারীকে একত্রে প্রবেশের সুযোগ দেবে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কোয়েস্ট থ্রি ও কোয়েস্ট থ্রি এস হেডসেট দিয়ে ঘর স্ক্যান করে যে ডিজিটাল প্রতিরূপ তৈরি হয়, আগে সেটিতে কেবল ব্যক্তিগতভাবে সময় কাটানো যেত। এখন একটি লিংক শেয়ার করলেই বন্ধু বা পরিবারের সদস্যরা নিজেদের ভিআর হেডসেট কিংবা মেটা হরাইজন মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে ঢুকে পড়তে পারবেন।
নতুন সংস্করণে প্রতিটি রুমকে আরও জীবন্ত করে তুলতে যোগ করা হয়েছে অন–ডিভাইস রেন্ডারিং প্রযুক্তি। এর ফলে স্ক্যান করা ঘরের রং, টেক্সচার ও সূক্ষ্ম বিবরণ আরও স্পষ্ট দেখা যাবে। সঙ্গে এসেছে স্প্যাটিয়াল অডিও সুবিধা যেখানে কথোপকথন কোন দিক থেকে আসছে, সেটিও ভার্চুয়ালি অনুভব করা যাবে। ফলে আড্ডা করার অভিজ্ঞতা অনেকটাই বাস্তব ঘরের মতো মনে হবে।
মেটার মুখপাত্র রেশেল হোল্ম জানিয়েছেন, ফিচারটি ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। যাদের ডিভাইসে নতুন সুবিধাটি আসবে, তাদের আবার ঘর স্ক্যান করতে হবে কারণ নতুন স্ক্যান ছাড়া শেয়ারযোগ্য রুম তৈরি হবে না।
হাইপারস্কেপ সম্পর্কে মেটা বলছে, মেটাভার্সের অভিজ্ঞতা শুধু গেমিং বা ভবিষ্যতের ভার্চুয়াল দুনিয়ায় ঘোরাফেরা নয়; বরং মানুষের পরিচিত স্থান যেমন নিজের ঘরও হতে পারে ঘনিষ্ঠ আড্ডার কেন্দ্রবিন্দু। তাই একান্ত জায়গাটিকে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাই এই আপডেটের মূল উদ্দেশ্য।
প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, হাইপারস্কেপের আপডেট মেটার ভিআর প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করে তুলবে। বিভিন্ন ডেমোতে দেখা গেছে, স্ক্যান করা ঘরের ছোট ছোট জিনিসও যথেষ্ট নির্ভুলভাবে ফুটে উঠছে, যা এই প্রযুক্তিকে আরও আকর্ষণীয় করে তুলছে।
সব মিলিয়ে নতুন হাইপারস্কেপ ফিচারটি ভিআর দুনিয়ায় এক নতুন সম্ভাবনার দরজা খুলছে। ভৌগোলিক দূরত্ব থাকলেও এখন নিজের ঘরের ডিজিটাল রূপে বন্ধুদের নিয়ে জমে উঠতে পারে আড্ডা পুরোটাই ভার্চুয়াল, কিন্তু অভিজ্ঞতা থাকবে অনেকটাই বাস্তবের কাছাকাছি।