দ্রুতই সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করবে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের জনগণের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যেই সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। কমিটির সভাপতি নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, একটি শক্তিশালী, সবল ও রোগমুক্ত জাতি গঠনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে রপ্তানির সম্ভাবনাময় খাত হিসেবে এগিয়ে নেওয়া।
তিনি বলেন,‘‘সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মানুষের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সমন্বয় করে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যেই আমরা সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করতে সফল হবো।”
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কাঠামো, কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
সভাপতি খায়রুল কবির খোকন বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার সংশ্লিষ্টদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
বৈঠকে মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
কমিটি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণের লক্ষ্যে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম. এ. হান্নান, আলী আজম মো. আবু বকর এবং মুফতি মো. আমির হামজা অংশ নেন।
এই সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।