EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে পিকেএসএফ-সিমিট বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে পিকেএসএফ-সিমিট বৈঠক
অ অ

দেশের কৃষি খাতের উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক উদ্যোগ ও ব্যবসা সম্প্রসারণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিমিট)-এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। এতে সিমিটের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়েন ক্যালভার্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সভায় সিমিটের প্রতিনিধিরা বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশের কৃষি গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

বিশেষ করে গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে উন্নত জার্মপ্লাজম, উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবন, রোগবালাই ব্যবস্থাপনা, সংরক্ষণশীল কৃষি পদ্ধতি, আন্তঃফসল চাষ এবং ফসল কাটার পর ক্ষতি কমানোর ক্ষেত্রে সিমিট উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এ ছাড়া প্রশিক্ষিত খামারিভিত্তিক ‘লিভিং লাইব্রেরি’, অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) প্রযুক্তিনির্ভর কার্বন ট্রেডিং, কৃষকবান্ধব স্বয়ংক্রিয় আবহাওয়া পূর্বাভাস অ্যাপ এবং আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উল্লেখ করা হয়, এসব উদ্যোগ বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় উন্নয়ন এবং কৃষিকে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বৈঠকে উভয় পক্ষ মত প্রকাশ করে যে, এসব কার্যক্রম সম্প্রসারণে পিকেএসএফ ও সিমিটের মধ্যে পারস্পরিক সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে। যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।

সভা শেষে উভয় প্রতিষ্ঠান সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার আশাবাদও ব্যক্ত করা হয়।

আরও পড়ুন