নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ৫২ জনের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:২৫ এএম
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই কৃষক ও শ্রমিক। ধানক্ষেতে কাজ করতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে গোরোনিও এলাকার গৌরাউ শহরের কাছে একটি নৌপথে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেন। সোকোতো শাখার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (নেমা) প্রধান তুকুর আবুবকর শুক্রবার সকালে জানান, উদ্ধার অভিযান শেষে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির (নিওয়া) সোকোতো ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।
সোকোতো স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (সেমা) মুখপাত্র আবদুল্লাহি ঘানি জানান, উদ্ধার অভিযান ও পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং কতজন এখনো নিখোঁজ, তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় নৌযানটিতে অন্তত ৭০ জন যাত্রী থাকতে পারেন বলে তাদের ধারণা।
নাইজেরিয়ার অভ্যন্তরীণ নৌপথে নৌদুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি ও নৌযান পরিচালনায় নিয়ম না মানার কারণে দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সোকোতোর সর্বশেষ দুর্ঘটনায় নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।