EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

ছবি: সংগৃহীত

অ অ

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করে গড়ে তুলতে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইনডাকশন ওয়ার্কশপ ফর দ্য নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক কর্মশালায় মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকতার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।


তিনি বলেন, এই প্রশিক্ষণকেন্দ্র শুধু প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষকদের জন্য সুইমিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে, যাতে তাঁরা একটি সমন্বিত পরিবেশে প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ পান।

তিনি আরও বলেন, শিক্ষকদের উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে উচ্চতর ডিগ্রি অর্জন, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেন, সে জন্য আরও পদ সৃষ্টি, উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

আরও পড়ুন